হামে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৮৮৭ নতুন রোগী
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই মারা গেছে ৬ শিশু। একই সময়ে নতুন করে ৮৮৭ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: হাম-রুবেলার টিকা থেকে বাদ পড়া শিশুদের জন্য বিশেষ কর্মসূচি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। বাকি ৫৮৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯৪৯ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন ৯১ হাজার ৭৮৯ জন।
আরও পড়ুন: ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা দিল ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল
পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এ বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪ জনে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৭৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হচ্ছে এবং অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।





