হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,১০৭
দেশে হাম ও হামের উপসর্গজনিত সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে ১ হাজার ১০৭টি শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬০৮
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সাড়ে তিন মাস ধরে দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭২৯ জন শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬৩৬ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।





