গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফির মৃত্যু

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:১৯ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লিবিয়ার সাবেক শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফির মৃত্যুর খবর সামনে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

লিবিয়ান নিউজ এজেন্সির সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, সাইফ আল-ইসলামের রাজনৈতিক দলের প্রধান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক সময় গাদ্দাফির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত ছিলেন এবং দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিলেন।

আরও পড়ুন: হুতি হামলায় বিপর্যস্ত সৌদি

সাইফের বোন দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে জানান, আলজেরিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় তার মৃত্যু হয়েছে। তবে কী কারণে বা কোন পরিস্থিতিতে তিনি মারা গেছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

বিবিসির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে সাইফ আল-ইসলামকে ক্ষমতার অন্যতম শক্তিশালী ও বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে দেখা হতো। কর্নেল গাদ্দাফি ১৯৬৯ সাল থেকে টানা কয়েক দশক লিবিয়া শাসন করেন। পরে ২০১১ সালের অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন এবং শেষ পর্যন্ত নিহত হন।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

১৯৭২ সালে জন্ম নেওয়া সাইফ আল-ইসলাম গাদ্দাফির শাসনামলের শেষ দিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে লিবিয়ার সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে ধারণা করা হয়।

২০১১ সালের সরকারবিরোধী আন্দোলনের সময় কঠোর অবস্থান নেওয়ার অভিযোগে তাকে জিনতান শহরের একটি সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী প্রায় ছয় বছর আটক করে রাখে। একই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে মামলা দায়েরের উদ্যোগ নিয়েছিল।

সাইফ আল-ইসলামের মৃত্যুর খবর প্রকাশের পর লিবিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।