ইরানে পারমাণবিক সংঘাত অনিবার্য: রাশিয়ার সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে পারমাণবিক যুদ্ধের সম্ভাব্য কালো মেঘ ছড়ানোর বিষয়ে বিশ্ববাসীকে চরম সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে পারমাণবিক সংঘাত এখন ‘অনিবার্য’ হয়ে পড়েছে।
মেদভেদেভ বলেন, এই পরিস্থিতির জন্য সরাসরি দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ। তার মতে, ওয়াশিংটন প্রশাসন মধ্যপ্রাচ্যে পারমাণবিক হুমকি নির্মূলের দাবি করলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সাম্প্রতিক সামরিক অভিযানে ঝুঁকি কমার বদলে তা বহুগুণ বেড়েছে।
আরও পড়ুন: কয়েক সপ্তাহেই শেষ হবে ইরান যুদ্ধ: মার্কো রুবিও
তিনি আরও বলেন, “চলমান অভিযানগুলো কোনো স্থায়ী সমাধান আনছে না, বরং পক্ষগুলোকে এক ভয়াবহ ও অনিয়ন্ত্রিত উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে।” মেদভেদেভের মতে, মার্কিন ও ইসরায়েলি পদক্ষেপগুলো অঞ্চলের শক্তির ভারসাম্যকে ভঙ্গুর করে তুলেছে, যার চূড়ান্ত ফলাফল হতে পারে একটি পারমাণবিক বিপর্যয়।
ওয়াশিংটন ও তেল আবিব দাবি করে আসছে, সামরিক অভিযানগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ‘প্রতিরোধমূলক পদক্ষেপ’। তবে মেদভেদেভ বলেন, এর পেছনে ভিন্ন উদ্দেশ্য লুকানো আছে। বিশেষজ্ঞরা মনে করেন, তেহরানে শাসন পরিবর্তনের বিষয়টি এখন আর গোপন নয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
আরও পড়ুন: ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ কূটনীতিকের পদত্যাগ
গুরুত্বপূর্ণ তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে শুরু হওয়া ব্যাপক সামরিক অভিযানের পর থেকেই মধ্যপ্রাচ্যের উত্তাপ চরমে পৌঁছেছে। তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেসামরিক প্রাণহানির খবর পাওয়া গেছে। এর প্রতিক্রিয়ায় ইরানও মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।
বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, চলমান এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে পুরো অঞ্চলে অনির্ধারিত পারমাণবিক সংঘাতের সম্ভাবনা খুবই বাস্তব।





