যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:১৪ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এফ-৩৫ লাইটনিং মডেলের এই বিমানটি নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের কাছে ভূপাতিত হয়। তবে পাইলট অল্প আঘাত নিয়ে প্রাণে বেঁচে গেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) নেভাদার ইন্ডিয়ান স্প্রিংস এলাকার প্রায় ২৫ মাইল উত্তর-পূর্বে, নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের নিয়ন্ত্রিত আকাশসীমায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ট্রাম্পের ভাষণের পরই ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

নেলিস বিমানঘাঁটি-এর জনসংযোগ বিভাগ জানায়, ঘটনাস্থলটি সম্পূর্ণভাবে সীমাবদ্ধ সামরিক এলাকা হওয়ায় আশপাশের কোনো জনবসতিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়নি।

দুর্ঘটনার সময় পাইলট সফলভাবে ইজেক্ট করে বের হতে সক্ষম হন। বর্তমানে তিনি সামান্য আঘাত নিয়ে চিকিৎসাধীন এবং তার জীবন শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছে বিমানবাহিনী।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

বিমানবাহিনীর এক মুখপাত্র বলেন, সামরিক সদস্য ও স্থানীয় জনগণের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

উল্লেখ্য, এফ-৩৫ লাইটনিং একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ মাল্টিরোল যুদ্ধবিমান, যা আকাশ ও স্থল উভয় ধরনের অভিযানে ব্যবহৃত হয়। আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ এই যুদ্ধবিমান গোয়েন্দা নজরদারি, ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনা এবং বিভিন্ন কৌশলগত মিশনে ব্যবহারের জন্য বিশ্বব্যাপী পরিচিত।