যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আস্থার সংকট গভীর, এক রাতে সমাধান সম্ভব নয়: ভ্যান্স

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:১৬ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান আস্থার সংকট এতটাই গভীর যে তা ‘এক রাতে’ দূর করা সম্ভব নয়। তবে ইরান যে আলোচনার মাধ্যমে চুক্তিতে আসতে আগ্রহ দেখাচ্ছে, সেটিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

মঙ্গলবার ওয়াশিংটন ডিসি-তে ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভ্যান্স বলেন, “দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে, যা দ্রুত সমাধানযোগ্য নয়। তবে তারা আলোচনায় আগ্রহী— এটি একটি ভালো দিক।”

আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার আশায় ডলারের দরপতন

ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রায় ৪০ দিন সংঘাত চলার পর উভয় পক্ষ ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে গত ১১ এপ্রিল ইসলামাবাদ-এ বৈঠকে বসে দুই দেশের প্রতিনিধিদল। সেখানে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জে ডি ভ্যান্স এবং ইরানের পক্ষে নেতৃত্ব দেন মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

আরও পড়ুন: ইরান যুদ্ধ প্রায় শেষের পথে, তবে অভিযান এখনও শেষ নয়: ট্রাম্প

প্রায় ২২ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। ফলে চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগিরই আবারও ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে পারে।