যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন নিয়ম
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি আরোপ করেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ইউএসসিআইএস (USCIS)। নতুন নীতিমালা অনুযায়ী, অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকা কোনো বিদেশি স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে চাইলে তাকে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুক্রবার (২২ মে) প্রকাশিত এক নীতিগত স্মারকে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউএসসিআইএসের তত্ত্বাবধায়ক সংস্থা মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) জানিয়েছে, অভিবাসন ব্যবস্থার বিদ্যমান ‘ফাঁকফোকর’ বন্ধ করা এবং অন্যান্য আবেদন দ্রুত নিষ্পত্তির সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০
সংস্থাটি আরও জানায়, বিশেষ কিছু পরিস্থিতিতে ব্যতিক্রমী সুবিধা দেওয়া হতে পারে। তবে প্রতিটি আবেদন পৃথকভাবে পর্যালোচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে নতুন এ নীতির সমালোচনা করেছে মানবাধিকার ও শরণার্থী সহায়তাকারী বিভিন্ন সংগঠন। শরণার্থী ও অভিবাসীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সহায়তা সংস্থা এইচআইএএস (HIAS) বলেছে, এ সিদ্ধান্তের ফলে মানবপাচারের শিকার ব্যক্তি, নির্যাতিত নারী এবং ঝুঁকিতে থাকা শিশুদের এমন দেশে ফেরত পাঠানো হতে পারে, যেখান থেকে তারা জীবন বাঁচাতে পালিয়ে এসেছিল।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি আরও কঠোর করার ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে।
এর আগে ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং গণমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ কমানোর উদ্যোগ নিয়েছিল। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে।





