চীনের জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৮

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ৫:৫১ পূর্বাহ্ন, ১০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার অভিযান জোরদার করা হয়। একই সঙ্গে আহতদের চিকিৎসা নিশ্চিত এবং দুর্ঘটনার কারণ দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এবং রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: হুতি হামলায় বিপর্যস্ত সৌদি

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা ৪ মিনিটে ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের চেনদাই টাউনশিপের জিয়াংতোউ গ্রামে অবস্থিত হুইতেং জুতার কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ছুয়ানচৌ শহরের ফায়ার সার্ভিসের ১৮৩ জন উদ্ধারকর্মী এবং ৩৫টি অগ্নিনির্বাপণ যান ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর বিকেলের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানা থেকে আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ভবনের ছাদে আটকা পড়া কয়েকজন কর্মীকে সাহায্যের জন্য সংকেত দিতেও দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উদ্ধার অভিযানে একটি হেলিকপ্টারও অংশ নেয়।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

জিনজিয়াং শহরের চেনদাই অঞ্চল চীনের অন্যতম বৃহৎ জুতা উৎপাদনকেন্দ্র হিসেবে পরিচিত। এখানকার কারখানাগুলো বছরে ১০০ কোটিরও বেশি জোড়া জুতা উৎপাদন করে। বিশ্বের প্রতি পাঁচ জোড়া অ্যাথলেটিক জুতার মধ্যে প্রায় এক জোড়া এই অঞ্চলেই উৎপাদিত হয়।