টানা ১৩তম রাতে ইরানে মার্কিন হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে টানা ১৩তম রাতের মতো হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে রাজধানী তেহরানসহ দেশটির একাধিক শহর এবং উপকূলীয় কৌশলগত এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাতেও ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এর জবাবে যুক্তরাষ্ট্রকে আরও কঠোর ও বিধ্বংসী প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
হরমুজ প্রণালিতে অসামরিক নৌযান ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে টানা ১৩তম রাতের মতো এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনের প্রমাণ
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানের বিভিন্ন এলাকায় নতুন দফায় হামলা চালানো হয়।
সেন্টকমের দাবি, সর্বশেষ অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং নৌ সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
বিবৃতিতে আরও বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর সঙ্গে উত্তেজনা থাকা সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে এবং মার্কিন বাহিনীর সহায়তায় এসব জাহাজ নিরাপদে চলাচল করছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলেও জানানো হয়।
মার্কিন হামলার পর ইরানের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, খোন্দাব শহরের উপকণ্ঠে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া খোররামাবাদ ও কোনারাক শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ফারস নিউজ ও আইআরআইবি জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে অবস্থিত কৌশলগত বন্দরনগরী জাস্কেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে মেহর নিউজ জানায়, রাজধানী তেহরানের পূর্বাঞ্চলের আকাশে সম্ভাব্য হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি: উপকূলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের আবাসিক এলাকা ‘তাপ্পে আল্লাহ-ও-আকবর’-এ হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন বলে ফারস নিউজ হরমুজগান প্রদেশের উপ-গভর্নর ওয়ালিউল্লাহ হায়াতির বরাত দিয়ে জানিয়েছে।
এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের আন্দিমেশক ও ওমিদিয়ে শহরের আশপাশেও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে মেহর নিউজ।
সংঘাতের দুই সপ্তাহ পার হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ এবং খুজেস্তানের প্রধান শহর আহভাজেও নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কেশম দ্বীপের আকাশে একটি ড্রোন বা উড়ন্ত বস্তু ভূপাতিত করার প্রাথমিক তথ্যও প্রকাশিত হয়েছে।
কঠোর জবাবের হুঁশিয়ারি: মার্কিন হামলা অব্যাহত থাকায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করলে ইরানও পাল্টা আঘাত চালিয়ে যাবে।
ইরানের সামরিক সূত্রের বরাতে জানানো হয়েছে, মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে প্রতিবারই আরও কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আরও শক্তিশালী প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তেহরান।





