সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ন, ১০ মে ২০২৬ | আপডেট: ৬:২৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০ মামলায় সেলিনা হায়াৎ আইভী-র জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এ আদেশ দেন।

আরও পড়ুন: স্ত্রী মরিয়মের মৃত্যুর মামলায় এমপি গাজী নজরুল ফের চার দিনের রিমান্ডে

আদালতে সাবেক মেয়র আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।

এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন: হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

পরবর্তীতে বাংলাদেশ হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দিলেও তা পরে আপিল বিভাগে স্থগিত হয়।

এর মধ্যে গত ১৮ নভেম্বর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি এসব মামলায়ও জামিন মঞ্জুর করেন।

সর্বশেষ আপিল বিভাগের আদেশে তার জামিন বহাল থাকায় মুক্তির পথ উন্মুক্ত হয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।