গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, ঐতিহাসিক রায় হাইকোর্টের

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ন, ১১ মে ২০২৬ | আপডেট: ২:০৫ অপরাহ্ন, ১১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা প্রকাশ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এর আগে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি আদালত এ বিষয়ে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন।

রায়ে আদালত বলেন, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্যকে উৎসাহিত করে এবং কন্যাশিশু হত্যার প্রবণতা বাড়ায়। একই সঙ্গে এটি সমাজের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে এবং সংবিধানে নিশ্চিত করা মৌলিক অধিকারের পরিপন্থি।

আরও পড়ুন: মিরপুরের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

হাইকোর্টের পর্যবেক্ষণে আরও বলা হয়, এ ধরনের কার্যক্রম নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায়। পাশাপাশি এটি আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন।

আদালত উল্লেখ করেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশের বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ, মনিটরিং ও জবাবদিহিমূলক ব্যবস্থা অনুপস্থিত ছিল। শুধু গাইডলাইন প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয় না বলেও মন্তব্য করেন আদালত।

আরও পড়ুন: ট্রাইব্যুনালে তাপস-নানকের বিচার শুরু

রায়ে বলা হয়, বাস্তবায়নযোগ্য নীতিমালা, ডিজিটাল নজরদারি এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশের মতো অনৈতিক কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়।

আদালতের এ রায়কে নারী অধিকার ও কন্যাশিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।