ধামরাইয়ে দুর্ঘটনা রোধে দক্ষ-সেরা চালক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত

Shahrier Islam Pallab
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:০৩ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই(নিসচা)ধামরাই উপজেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধকল্পে দক্ষ ও  সেরা চালক’ নির্বাচনী পরীক্ষায় শিল্পকারখানার চালকদের অংশগ্রহণ, সড়ক নিরাপত্তায় চালকদের ইতিবাচক ভূমিকা ও পেশাগত মর্যাদায় গুরুত্ব দিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২০ নভেম্বর )পৌর এলাকার আব্দুস সোবহান মডেল স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়েছে দক্ষ ও সেরা চালক নির্বাচনী পরীক্ষা’। এতে ধামরাইয়ের বিভিন্ন শিল্পকারখানা ও প্রতিষ্ঠানে কর্মরত পেশাদার চালকেরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ডিসেম্বরে ফেরার দুঃস্বপ্ন ভুলে যান: কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম

প্রেক্ষাপট অনুযায়ী সড়ক দুর্ঘটনার পর প্রায়ই চালকদের দায়ী করা হয়, প্রশ্ন ওঠে তাঁদের দায়িত্বশীলতা ও দক্ষতা নিয়ে। কিন্তু একজন চালকের পেশাগত দক্ষতা, শ্রম ও দায়িত্বশীলতার যথাযথ মূল্যায়ন কতটা হয়—সে প্রশ্ন থেকেই যায়। চালকদের কেবল দোষারোপ নয়, তাঁদের দক্ষতা যাচাই, ইতিবাচক কাজের স্বীকৃতি এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ধামরাইয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখা।

পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন নিসচা ধামরাই উপজেলা শাখার পৃষ্ঠপোষকমণ্ডলীর সদস্য ও আলাদিনস হসপিটালের স্বত্বাধিকারী ডা. মেহজাবিন প্রিয়াঙ্কা। এ সময় তিনি চালকদের দক্ষতার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা এবং দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: গাজীপুরে বিতর্কিত যুবদল কমিটি: ধর্ষণ ও মাদকের অভিযোগে অভিযুক্তদের হাতে নেতৃত্ব

অনুষ্ঠানে নিসচা ধামরাই উপজেলা শাখার সভাপতি এম. নাহিদ মিয়া বলেন, একজন চালকের হাতে শুধু একটি গাড়ির নিয়ন্ত্রণ থাকে না, তাঁর সঙ্গে বহু মানুষের জীবন ও নিরাপত্তা জড়িত। তাই চালকদের দায়িত্বশীলতা ও দক্ষতার বিকাশ জরুরি। তাঁদের যথাযথ প্রশিক্ষণ, মূল্যায়ন এবং ভালো কাজের স্বীকৃতি দেওয়া হলে সড়ক নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

এবারের আয়োজনের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল ধামরাইয়ের বিভিন্ন শিল্পকারখানা ও প্রতিষ্ঠানের চালকদের অন্তর্ভুক্তি। এর মাধ্যমে পেশাদার চালকদের দক্ষতা মূল্যায়নের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের পরিবহন ব্যবস্থায় নিরাপদ ড্রাইভিংয়ের চর্চা জোরদার এবং দায়িত্বশীল চালকদের স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিসচা ধামরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম এবং সদস্য সচিব জুলহাস শিকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজনটির উপস্থাপনা করেন মাসব্যাপী কর্মসূচির উদযাপন কমিটির মিডিয়া সেলের প্রধান আল ফাহাদ পরশ। তিনি বলেন, চালকদের ভুলের সমালোচনা যেমন প্রয়োজন, তেমনি তাঁদের ভালো কাজ, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিও জরুরি। চালকদের প্রতি কেবল দোষারোপের দৃষ্টিভঙ্গি নয়, বরং তাঁদের দক্ষ পেশাজীবী হিসেবে মূল্যায়নের সংস্কৃতি গড়ে তোলাও সড়ক নিরাপত্তার অংশ। এ উদ্যোগের মাধ্যমে চালকদের ইতিবাচক প্রতিযোগিতা, পেশাগত উন্নয়ন ও সম্মানজনক অবস্থান তৈরিতে ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, চালকদের দক্ষতা ও দায়িত্বশীলতার যথাযথ মূল্যায়নের মাধ্যমে সড়কে নিরাপদ ড্রাইভিংয়ের সংস্কৃতি আরও জোরদার হবে। কারণ নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় চালককে শুধু দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া নয়, তাঁর ভালো কাজের স্বীকৃতি ও দক্ষতার মূল্যায়নও সমান গুরুত্বপূর্ণ। 

উক্ত আয়োজনে অর্ধশত পরিবহন চালক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আ আয়োজনে লিখিত পরীক্ষায় সেরা ৮ জনকে বাছাই করে পরবর্তীতে মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে সেরা ৩ জন কে মুল্যায়িত করা হয়।