শাহজালাল বিমানবন্দরে রক্তাক্ত হওয়া প্রবাসীকে জরিমানা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনায় রক্তাক্ত সেই নরওয়ে প্রবাসী সাঈদ উদ্দিনকে (২৯) পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত বুধবার রাতে বিমানবন্দরে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে তাকে অর্থদণ্ডের শাস্তি দেওয়া হয়।
জানা গেছে, সাঈদের বাড়ি ফেনীর সোনাগাজীতে। গত বুধবার রাতে নরওয়ে থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে তিনি মারধরের ঘটনায় জড়ান।
আরও পড়ুন: এবার ফ্যাসিস্ট দোসরদের অপতথ্যের শিকার তথ্য সচিব
ওই ঘটনার একটি সিসিটিভি ভিডিওতে দেখা গেছে, বাক-বিতণ্ডার এক পর্যায়ে সাঈদ উদ্দিন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন বিমানবাহিনী সদস্যকে ধাক্কা দিলে হাতাহাতি শুরু হয়। শেষে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট ৫ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেন।
বিমানবন্দরের নির্বাহী হাকিম মো. ফারুক সুফিয়ান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধির ১৮৯ ধারায় সাঈদ উদ্দিনকে জরিমানার আদেশ দেন। এই ধারায় সরকারি কর্মচারীকে হুমকি কিংবা তার কর্তব্য পালনে বাধা দেয়ার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের জেল বা জরিমানা কিংবা উভয়দণ্ডের বিধান আছে।
আরও পড়ুন: পোশাকশ্রমিকদের জন্য ৭টি শ্রমবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার: মাহদী আমিন
গত বুধবার রাত সোয়া ৯টার দিকে নরওয়ে প্রবাসী সাঈদ উদ্দিন বিমানবন্দরের দুই নম্বর ক্যানোপি গেট দিয়ে বের হওয়ার পর গেট সংলগ্ন ডান পাশে দাঁড়ানো অবস্থায় এক এভসেক সদস্যের (বিমানবন্দরে নিরাপত্তায় কর্মরত সদস্য) সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে ওই নিরাপত্তাকর্মীকে ধাক্কা দেন। এরপর অন্য এভসেক ও আনসার সদস্যরা তাকে কনকর্স হলের দিকে নিয়ে যান। এসময় সাত-আট জন মিলে তাকে বেধরক মারপিট করেন। এতে তার মাথা-মুখ ফেটে রক্তাক্ত হয়। পরে সাঈদ সেখান থেকে বেরিয়ে গেলে এমন পরিস্থিতি দেখা যায়। পরিস্থিতি বেগতিক দেখে এভসেক সদস্যরা তাকে ও তার সঙ্গে থাকা আত্মীয়স্বজনদের আবারও ভেতরে নিয়ে যান। এরপর রাতে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।





