ফের ৪ দিনের রিমান্ডে সাবেক সিইসি নূরুল হুদা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ন, ২৭ জুন ২০২৫ | আপডেট: ৮:০৫ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা থানার মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার নূরুল হুদার ফের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আরও পড়ুন: মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এর আগে গত সোমবার সাবেক এ সিইসির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে নূরুল হুদাকে আদালতে হাজির করে ফের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে আদালতে উপস্থিত করা হয়।

রিমান্ড আবেদন মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করে বলেন, আসামি কে এম নূরুল হুদাকে চার দিনের পুলিশ হেফাজতে নিয়ে মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করা কালে আসামি কিছু চাঞ্চল্যকর তথ্য দেওয়ায় পুনরায় দশ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

আরও পড়ুন: র‍্যাবের এডিজি ও রংপুর কমিশনারসহ পুলিশের উর্ধ্বতন ১৭ কর্মকর্তার রদবদল

আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে রোববার (২২ জুন) রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করে বিএনপি। মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন।

মামলার পর ওইদিন সন্ধ্যায় স্থানীয় জনতা তাকে আটক করে। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ এসে তাকে নিয়ে যায়।