গণঅভ্যুত্থান-পরবর্তী ১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, গ্রেপ্তার ৬১: টিআইবি
গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সারা দেশে পুলিশের বিরুদ্ধে মোট ৭৬১টি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব মামলায় ১,১৬৮ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে, যার মধ্যে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৪ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম।
আরও পড়ুন: জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তিনি বলেন,ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশদাতা, হত্যার ইন্ধনদাতাদের বিরুদ্ধে সারা দেশে মোট ১,৬০২টি মামলা হয়েছে, যার মধ্যে ৬৩৮টি হত্যা মামলা। এখন পর্যন্ত পতিত সরকারের ৮৭ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গ্রেপ্তার হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, প্রায় ৭০ শতাংশ মামলার তদন্তে ‘সন্তোষজনক অগ্রগতি’ হয়েছে এবং ৬০-৭০টি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন: এসএসসি পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী
এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নতুনভাবে শুরু হয়েছে। ৪২৯টি অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত ২৭টি মামলা প্রক্রিয়াধীন, আসামির সংখ্যা ২০৬ জন এবং গ্রেপ্তার ৭৩ জন। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরু হয়েছে।
আন্দোলনকালীন দায়ের হওয়া হয়রানিমূলক মামলাগুলোর প্রায় সবগুলোই ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ফেলো মো. জুলকারনাইন ও ফারহানা রহমান উপস্থিত ছিলেন।





