সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, আটক ৭
চট্টগ্রাম নগরে আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় বাসভবনে থাকা সাতজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের ২ নম্বর গেটের চশমা হিল এলাকায় পাঁচলাইশ থানা-পুলিশ অভিযান চালায়। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ভিসা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অভিযানের পর বাসার সিসিটিভি ক্যামেরার ডিভিডিআর বক্স জব্দ করা হয়েছে, যা যাচাই-বাছাইয়ের জন্য নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য কয়েকজন বাসায় জড়ো হচ্ছেন বলে ফেসবুকে পোস্ট করা হয়েছিল। ওই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান গণমাধ্যমকে জানান, ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউনের দিন এখানে ছাত্রলীগের লোকজন অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সাতজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।





