ভারত থেকে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে
ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, মঙ্গলবার (১০ মার্চ) এই জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছাবে।
বিশ্ববাজারে ইরান ও ইসরায়েলের সংঘাতের কারণে তীব্র জ্বালানি সংকট তৈরি হওয়ায় ভারতের মাধ্যমে ডিজেল আমদানি প্রক্রিয়া শুরু করা হয়েছে। সরবরাহকৃত ডিজেল সরাসরি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে যাবে।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন: টাকা পেলেন ৩৭ হাজার পরিবার
বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ জানান, সোমবার দুপুর ৩টা ২০ মিনিট থেকে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। প্রতি ঘণ্টায় প্রায় ১১৩ মেট্রিক টন হারে পাম্পিং চললে বুধবার সন্ধ্যার মধ্যে ৫ হাজার টন ডিজেলের সরবরাহ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে পার্বতীপুর পর্যন্ত প্রায় ১৩১ কিলোমিটার দীর্ঘ। ২০২৩ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়। পাইপলাইনের মাধ্যমে বছরে প্রায় ২ লাখ মেট্রিক টন ডিজেল সরাসরি পরিবহন করা সম্ভব।
আরও পড়ুন: দেশে জ্বালানি সংকট নেই, দাম বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী
এর আগে ২০১৬ সাল থেকে ভারত থেকে ডিজেল রেল ওয়াগনের মাধ্যমে আনা হতো। পাইপলাইন চালু হওয়ায় পরিবহনের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে।
বর্তমানে দেশে দৈনিক ডিজেলের স্বাভাবিক চাহিদা ১২–১৩ হাজার মেট্রিক টন, যা দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৭০ শতাংশ। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সাম্প্রতিক দিনগুলোতে চাহিদা হঠাৎ বেড়ে ২০ হাজার মেট্রিক টনে পৌঁছেছে।





