চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করবে সরকার
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী, নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম ইতোমধ্যেই চালু হয়েছে। বর্তমানে কার্যক্রমটি পরীক্ষামূলকভাবে চললেও ধীরে ধীরে এর আওতা সম্প্রসারণ করা হবে। সবকিছু নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চললে, আগামী চার বছরের মধ্যে এই ফ্যামিলি কার্ড রূপান্তরিত হবে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’-এ, যা সমাজের সব স্তরে পৌঁছে দেওয়া হবে।
রোববার (২৯ মার্চ) সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম (Jean Pesme) নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।
আরও পড়ুন: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান
মন্ত্রী বলেন, আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এই কার্ড প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে প্রদান করা হবে, যা তাদের নাগরিক হিসেবে সম্মানজনক স্বীকৃতি হিসেবে গণ্য হবে।
মন্ত্রী আরও জানান, এখন পর্যন্ত ৩৭,৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে। এসব পরিবার প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাচ্ছেন।
আরও পড়ুন: ১৬ আগস্ট উদ্বোধন হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
সাক্ষাৎকালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনও উপস্থিত ছিলেন। বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম বর্তমান সরকারের উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। উভয়পক্ষ ফ্যামিলি কার্ডের টেকসই বাস্তবায়ন ও সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হন।
এছাড়া সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম, যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান প্রমুখ।





