হামের প্রকোপ বেড়েছে, রোববার থেকে দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:৪৬ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত কয়েকদিনে হামের উপসর্গ নিয়ে কয়েকজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও শঙ্কাজনক করে তুলেছে। এর মধ্যে টিকার অপ্রাপ্তি সংকটকে জটিল করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, ইউনিসেফের সহায়তায় হামের টিকা সংগ্রহ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠানো হবে।

আরও পড়ুন: পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। এ জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা ও দেবাশীষ গ্রেপ্তার

তিনি আরও জানান, হাম মোকাবিলায় প্রয়োজনীয় সংখ্যক ভেন্টিলেটর ও শয্যা প্রস্তুত রাখা হয়েছে। টিকাদান কর্মসূচি সফল করতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

মন্ত্রী বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এই টিকার আওতায় আসবে। এছাড়া গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স ‘গাভি’ (Gavi) থেকে ২১.৯ মিলিয়ন ডোজ টিকা ধার নেওয়া হচ্ছে, যা পরবর্তীতে ক্রয় করে পরিশোধ করা হবে।