সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
প্রশাসনিক কার্যক্রমে গতি বৃদ্ধি ও জনসেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, নির্ধারিত এই সময়ের মধ্যে কোনো কর্মকর্তা বা কর্মচারী দাপ্তরিক কক্ষের বাইরে থাকতে পারবেন না এবং অন্য কোনো কর্মসূচিও রাখা যাবে না।
আরও পড়ুন: ৬০০ প্রতিষ্ঠানকে স্বয়ংক্রিয়ভাবে ভ্যাট অডিটের জন্য বেছে নিল এনবিআর
নোটিশে আরও জানানো হয়, এই নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগের পূর্বের নির্দেশনার আলোকে পুনরায় কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়েও একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি বন্ধ রাখা এবং জানালা বা ব্লাইন্ড খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দেশের সব দোকান-শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের সিন্ধান্ত
অফিস চলাকালীন শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। অফিস কক্ষ ত্যাগের সময় লাইট, ফ্যান, এসিসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখতে বলা হয়েছে। অফিস শেষে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সব ডিভাইস বন্ধ নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এছাড়া অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার বন্ধ রাখতে হবে এবং সরকারি নির্দেশনা ছাড়া আলোকসজ্জা পরিহার করতে বলা হয়েছে।
নির্দেশনা বাস্তবায়ন তদারকির জন্য প্রতিটি দপ্তর, সংস্থা ও কার্যালয়ে একটি করে ‘ভিজিল্যান্স টিম’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অফিসের সার্বিক পরিবেশ ঠিক রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।





