এমপিদের ঋণ ১১ হাজার কোটি, খেলাপি ৩,৩৩০ কোটি: সংসদে অর্থমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:৫৯ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্তমান সংসদ সদস্য (এমপি) এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নেওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি ঋণ হিসেবে চিহ্নিত।

সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামালের সভাপতিত্বে অধিবেশনটি পরিচালিত হয়।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সংসদ সদস্য এবং তাদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেশের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি থেকে নেওয়া মোট ঋণের স্থিতি বর্তমানে ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।

তিনি আরও জানান, এই ঋণের একটি বড় অংশই খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে। মোট ঋণের মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা বর্তমানে খেলাপি অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

তবে অর্থমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন, আদালতের নির্দেশনা বা স্থগিতাদেশের কারণে এই খেলাপি ঋণের একটি অংশ নিয়মিত ঋণ হিসেবে দেখানো হতে পারে। ফলে আইনি জটিলতার কারণে কিছু ঋণ প্রকৃতপক্ষে খেলাপি হলেও তা আনুষ্ঠানিকভাবে খেলাপির তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

এই তথ্য প্রকাশের পর ব্যাংক খাতে ঋণ ব্যবস্থাপনা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।