আইজিপির সঙ্গে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের সাক্ষাৎ
ঢাকায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কার্স্টেন (Anja Kersten) সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৩ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে ডেপুটি হেড অব মিশন নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন।
আরও পড়ুন: নববর্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী: পহেলা বৈশাখ আত্মপরিচয়ের প্রতীক
সাক্ষাতে তিনি ক্রাউড কন্ট্রোল, সাইবার সিকিউরিটি, ফরেনসিক সক্ষমতা বৃদ্ধি, বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভুয়া দলিল যাচাই এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নয়নে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া তিনি জার্মান দূতাবাসের পক্ষ থেকে আইজিপির প্রতি শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
এ সময় আইজিপি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানে জার্মান সরকারের আগ্রহকে স্বাগত জানান। তিনি সাইবার অপরাধ প্রতিরোধে দক্ষ জনবল গড়ে তোলা এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে জার্মানির সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: সরকারি ব্যয়ে কড়াকড়ি: বাড়ি-গাড়িসহ ৯ খাতে খরচ কমানোর নির্দেশ
সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





