পরিবহন মালিকদের কড়া নির্দেশ

প্রজ্ঞাপন না আসা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া যাবে না

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ন, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:২৭ পূর্বাহ্ন, ২২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ার পর গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের প্রক্রিয়া চললেও এখনো সরকারি কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এ অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকতে পরিবহন মালিকদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে। সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না।

আরও পড়ুন: ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর তদন্তে অনিয়মের অভিযোগ, তদন্ত কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ায় পরিবহন খাতে ব্যয় বেড়েছে। একইসঙ্গে ডলারের ঊর্ধ্বগতির কারণে যানবাহনের যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য খরচও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত ভাড়া সমন্বয়ের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জানা গেছে, ভাড়া পুনর্নির্ধারণে কাজ করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত ১৯ এপ্রিল রাতে সংস্থাটির কার্যালয়ে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের পরও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ভাড়া সমন্বয় কমিটির সুপারিশ পর্যালোচনায় বুধবার একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

এদিকে বিআরটিএ সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে দূরপাল্লা ও মহানগর বাসে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তে এ হার পরিবর্তন হতে পারে।