ঢাকা থেকে ইরানে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠানো হয়েছে
যুদ্ধবিধ্বস্ত ইরানের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে এসব সহায়তা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং: সংসদে প্রতিমন্ত্রী
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে এসব সহায়তা পাঠানো হচ্ছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে আহত ও ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে গত ৬ এপ্রিল রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল
সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে আশা করা হচ্ছে।
ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, এই দুঃসময়ে ইরানের জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ।





