সৌদি পৌঁছেছেন ৫২ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী
চলতি বছরের হজ পালন করতে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন বাংলাদেশি হজযাত্রী। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৩৪টি ফ্লাইটে তারা দেশটিতে পৌঁছান।
মঙ্গলবার (১২ মে) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: আর্থিক খাতে সরকার কোনো হস্তক্ষেপ করবে না: অর্থমন্ত্রী
বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি, বাংলাদেশ হজ অফিস ও সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের তথ্যের ভিত্তিতে হজ হেল্প ডেস্ক এ তথ্য প্রকাশ করেছে।
বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে ২৫ হাজার ৭৩ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনস-এর ৪৯টি ফ্লাইটে গেছেন ১৮ হাজার ৪০২ জন এবং ফ্লাইনাস-এর ২২টি ফ্লাইটে পৌঁছেছেন ৮ হাজার ৮৮৯ জন।
আরও পড়ুন: সময়োপযোগী শিক্ষা ছাড়া টিকে থাকা কঠিন: প্রধানমন্ত্রী
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন ৪৮ হাজার ২৬৩ জন হজযাত্রী।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ কার্যক্রম পরিচালনায় কাজ করছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। ওই ফ্লাইটের উদ্বোধন করেন তারেক রহমান।
হজ অফিস জানিয়েছে, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দেবে।





