ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ন, ২৩ মে ২০২৬ | আপডেট: ১২:২৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খাল পুনঃখনন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আজ ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) সকাল ৯টায় রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি ঘোষণা

সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় ত্রিশাল উপজেলার বালর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে খাল পুনঃখননের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এরপর দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাক-বাংলোয় স্বল্প সময়ের বিরতি নেবেন তিনি। পরে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অংশ নেবেন এবং তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

আরও পড়ুন: অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

জানা গেছে, জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও নজরুলসংগীতের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংস্কৃতিকর্মী, কবি ও শিল্পীরা এতে অংশ নেবেন।

এছাড়া বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সব কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।