আজ পবিত্র ঈদুল আজহা
আজ পবিত্র ঈদুল আজহা। আত্মত্যাগ, ত্যাগের মহিমা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে মুসলিম উম্মাহ উদযাপন করছে অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘কোরবানির ঈদ’। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত এই উৎসবকে ঘিরে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
সকাল থেকেই দেশের বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে মুসল্লিদের ঢল নামে। ধর্মপ্রাণ মুসলমানরা দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্যমে ঈদের আনুষ্ঠানিকতা শুরু করেন। নামাজ শেষে খুতবায় কোরবানির তাৎপর্য, ত্যাগের শিক্ষা এবং মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন খতিবরা। এরপর সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি শুরু করেন।
আরও পড়ুন: হ্যালো ডিসি’তে অভিযোগ, ঢাকার চার উপজেলায় মাদকবিরোধী অভিযান
ঈদুল আজহার মূল শিক্ষা নিহিত রয়েছে হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাইলের (আ.) অনন্য আত্মত্যাগের ঘটনায়। মহান আল্লাহর নির্দেশে পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) যে আনুগত্য ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তার স্মরণেই মুসলমানরা প্রতি বছর এই উৎসব পালন করে থাকেন।
রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, কূটনীতিক, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জামাতকে ঘিরে পুরো এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
আরও পড়ুন: উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।
ঈদকে কেন্দ্র করে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যম বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। এছাড়া হাসপাতাল, কারাগার, শিশু সদন ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থাও করা হয়েছে।
এবার ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটির আমেজে মেতেছে দেশবাসী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২৫ মে থেকে শুরু হওয়া ছুটি আগামী ৩১ মে পর্যন্ত চলবে।





