ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উদযাপন শেষে সোমবার সকালে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। কর্মদিবসের শুরুতেই খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: গাসিকের মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহার
এছাড়া দিনের কর্মসূচির অংশ হিসেবে দুপুর দেড়টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর দুপুর ২টায় ফার্মাসিউটিক্যালস শিল্পের উন্নয়নে করণীয় নির্ধারণসংক্রান্ত একটি বৈঠকে যোগ দেবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সচিবালয়ে উপস্থিতি এবং বিভিন্ন সরকারি কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে ঈদের ছুটি-পরবর্তী সরকারের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু হয়েছে।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর





