৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান শিক্ষক নিয়োগ-সংক্রান্ত একটি মামলায় আপিল বিভাগের রায়ের পর নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে আর কোনো আইনি বাধা থাকছে না। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এই রায়ের ফলে দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথ সুগম হলো। দীর্ঘদিন ধরে আদালতের স্থগিতাদেশের কারণে নিয়োগ কার্যক্রম স্থগিত ছিল।
এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংকট নিরসনে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আদালতের স্থগিতাদেশের কারণে পুরো নিয়োগ কার্যক্রম আটকে যায়।
আরও পড়ুন: ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি
মন্ত্রী তখন আরও বলেন, এ জটিলতা নিরসনে সরকার প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করছে, যাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়।
বৃহস্পতিবার আপিল বিভাগের রায়ের মাধ্যমে সেই আইনি জটিলতার অবসান হওয়ায় এখন নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে আর কোনো বাধা থাকছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ঢাকার বিমানবন্দরে ৪৫ কোটি টাকার স্বর্ণ আটকে তোলপাড়
দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক সংকটের কারণে দেশের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল। নতুন নিয়োগ সম্পন্ন হলে বিদ্যালয় পরিচালনা, শিক্ষা কার্যক্রমের তদারকি এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন।
তবে আপিল বিভাগের রায়ের পর নিয়োগের বিজ্ঞপ্তি, সময়সূচি বা পরবর্তী কার্যক্রম সম্পর্কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিংবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) আনুষ্ঠানিক ঘোষণা এখনও প্রকাশিত হয়নি।





