জাতীয় সংসদ ভবনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ন, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ৮:৪৮ পূর্বাহ্ন, ১০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রীয় ব্যস্ত কর্মসূচির মধ্যেও কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) রাতে জাতীয় মন্ত্রিপরিষদের বৈঠক শেষে জাতীয় সংসদ ভবনে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা জানান, জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখা এবং দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার অভিজ্ঞতা তাদের জন্য অত্যন্ত স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ক।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং মনোযোগসহকারে অধ্যয়ন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি দেশ ও জাতির উন্নয়নে দক্ষ, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন। পাশাপাশি শিক্ষকদের ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লার লালমাই উপজেলার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১২৭ জন শিক্ষার্থী এবং ৪৩ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পান।

আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার আয়োজনে তারা প্রথমে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও এলডি হল পরিদর্শন করেন। পরে বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের স্থাপত্য, ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ এবং সংসদ গ্রন্থাগার ঘুরে দেখেন। এ সময় তারা চলমান বাজেট অধিবেশনও সরাসরি উপভোগ করেন।

এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬-এর অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া জাতীয় সংসদে ওয়াকফ বিষয়ক প্রথম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, সংসদ অধিবেশন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত-সংশ্লিষ্ট বৈঠক এবং মন্ত্রিপরিষদের বৈঠকসহ একাধিক রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন।

দিনব্যাপী ব্যস্ততা শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এই সাক্ষাৎ ভবিষ্যৎ প্রজন্মের প্রতি সরকারের গুরুত্ব এবং শিক্ষা ও নেতৃত্ব বিকাশে উৎসাহ প্রদানের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।