৭ জেলায় বন্যা: প্রাণহানি বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ৮:০২ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। দুর্যোগে দেশের সাত জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবারের সদস্যরা। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬ লাখ ৯ হাজার ৪১১ জন।

সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বন্যাকবলিত সাতটি জেলা হলো—খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলার মোট ৫৯টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যার কারণে এখন পর্যন্ত ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি রয়েছে। সাত জেলার মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জন।

আরও পড়ুন: ‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন, আগে কারাগারে যেতে হবে’

দুর্যোগে এখন পর্যন্ত ৫৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে কক্সবাজারে সর্বোচ্চ ৩১ জন, চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া আহত ৩৯ জনের মধ্যে কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জন রয়েছেন।

বন্যাদুর্গত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য সরকার মোট ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। এসব আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪২২ জন আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।