রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ৯:৪০ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলার মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসাজনিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছেই জমা দিতে হয়। এ প্রেক্ষাপটে স্পিকারের নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরাকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: হাসিনার সাথে ফোনালাপ কাল্পনিক রাষ্ট্রপতির চ্যালেঞ্জ

সূত্র জানায়, গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককের উদ্দেশে রওনা হন স্পিকার। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী তার আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করে শুক্রবারই দেশে ফিরছেন।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, নির্ধারিত সূচি অনুযায়ী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করে তিনি শুক্রবার দেশে ফিরবেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি

বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন।

এ ছাড়া সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন বাধ্যতামূলক।

উল্লেখ্য, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।