ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের পরিকল্পনা, গঠন হচ্ছে বিশেষ সেল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ৮:৪৮ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি আরও জোরদার করতে এক লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের বিষয়েও পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে ভারতের হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ

সভায় জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা নিশ্চিত করতে জাতীয় টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। দ্রুত আরও ৩০ হাজার স্বেচ্ছাসেবক অন্তর্ভুক্ত করে মোট এক লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করা হবে।

বৈঠকে ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: দেশের সব ধরনের দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা

এ ছাড়া সম্ভাব্য দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। রাজধানী ঢাকায় Humanitarian Staging Area (HSA) স্থাপনের বিষয়টিও সভায় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।