বিচারপতি আসাদুজ্জামান দুদকের নতুন চেয়ারম্যান, ডক্টর জাহাঙ্গীর আলম ও সাজ্জাদ হোসেন খান কমিশনার নিয়োগ

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:২৮ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন করেছে সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া।

সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ অনুযায়ী নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে।

আইন অনুযায়ী, দুদক চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমান বেতন, ভাতা, মর্যাদা ও অন্যান্য সুবিধা পাবেন। আর দুই কমিশনার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমান বেতন, ভাতা, মর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ

এর আগে চলতি বছরের ৩ মার্চ দুদকের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদ পদত্যাগ করেন। এরপর থেকে দুদক কমিশনশূন্য ছিল।

নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগের মধ্য দিয়ে প্রায় পাঁচ মাস পর পুনর্গঠিত হলো দুর্নীতি দমন কমিশন।

নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি। অন্যদিকে, নতুন কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপর কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া আর্থিক প্রতিবেদন কাউন্সিলের (এফআরসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।