মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩৫ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র মক্কা ও মদিনায় যেকোনো ধরনের হামলা বা হামলার চেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, পবিত্র দুই নগরীর নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: স্বরাষ্ট্র সচিবকে ফোন করে কাঁদলেন এমপি মনিরুল হক

বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ইবাদত ও পবিত্রতার স্থান। এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র। সেখানে কোনো ধরনের হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পবিত্র আল হারামাইনের (মক্কা ও মদিনা) দুই ইমামের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, মক্কা ও মদিনার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্র বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

আরও পড়ুন: ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণে দ্রুত সেবা, মাঠে ২৮ চেক হস্তান্তর

ধর্মমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণ পবিত্র দুই নগরীর নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে আপসহীন। মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারার বিরুদ্ধে বর্তমানে বা ভবিষ্যতে যেকোনো হুমকি কিংবা হামলার অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে বিশ্বের মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রয়োজনে লাখ লাখ মুসলমান জীবন উৎসর্গ করে পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে।

বিবৃতির শেষে ধর্মমন্ত্রী পবিত্র মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।