সাড়ে ৬ ঘণ্টা পর মহাসড়কে যানবাহন চলাচল শুরু

কালিয়াকৈরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিজিবি সদস্যসহ আহত ২

Sanchoy Biswas
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:২৩ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কবির হোসেন নামে বিজিবির ১ সদস্য ও ইলিয়াস হোসেন নামে জনৈক শ্রমিক নেতা আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ৩০ হাজার টাকা মাসিক বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে উপজেলার চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, সফিপুর ও আশপাশের শিল্পাঞ্চলে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিরোধের মুখে টিকতে না পেরে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে চলে যান। বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে গেলে বেলা সাড়ে ১২টায় যানবাহন চলাচল শুরু করে।

আরও পড়ুন: মানিকগঞ্জে হাটিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ শ্রমিকেরা বিভিন্ন স্থানে যানবাহন ও দোকানপাটে ভাঙচুর চালান। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শ্রমিকদের ধাওয়া দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এদিকে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক যানবাহন ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের খবর পাওয়া গেছে। সংঘর্ষে কবির হোসেন নামে বিজিবির এক সদস্য ও ইলিয়াস হোসেন নামে জনৈক শ্রমিক নেতা আহত হয়েছেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, সফিপুরসহ আশপাশের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতির অবনতির আশঙ্কায় আশপাশের বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি, শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত শিল্পাঞ্চল

একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া খেয়ে আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে চলে গেলে বেলা সাড়ে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয় বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতিরোধের মুখে টিকতে না পেরে আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে চলে যায়। শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে গেলে বেলা সাড়ে ১২টায় মহাসড়কে যানবাহন চলাচল শুরু করে।