যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আটক ৪১
যশোর শহরের বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের দক্ষিণ পাশে আগুন ধরিয়ে দেয়। ঘটনার দৃশ্য ভিডিও করে ফেসবুকে প্রচার করেছেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কয়েকজন নেতা।
ঘটনা জানার পর সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে যশোর জেলা পুলিশের একটি দল স্মৃতিস্তম্ভে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে হাটিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন
সরেজমিনে দেখা গেছে, স্মৃতিস্তম্ভের দক্ষিণ পাশে নিচ থেকে ছয়-সাত ফুট ওপর পর্যন্ত কালো দাগ রয়েছে। আগুন ধরানোর পর কে বা কারা দাগ মুছে ফেলার চেষ্টা করেছে। সকালে কোতোয়ালি থানা পুলিশ, ডিবি ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল স্মৃতিস্তম্ভ পরিদর্শন করে। স্মৃতিস্তম্ভের আশপাশে স্থাপিত বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজে দেখা যায়, গভীর রাতে তিন যুবক স্মৃতিস্তম্ভের সামনে যান। তাঁদের দুজন পেট্রল বা দাহ্য পদার্থ দিয়ে স্মৃতিস্তম্ভের নিচে আগুন ধরিয়ে দেন, আর একজন ভিডিও করেন।
পুলিশের একটি সূত্র জানায়, যশোরের যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, পৌরসভার সাবেক কাউন্সিলর আলমগীর কবির সুমন, ছাত্রলীগের সদর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক রবিউল ইসলামসহ কয়েকজন তাঁদের ভেরিফায়েড ফেসবুক পেজে আগুন দেওয়ার এমন দৃশ্য প্রচার করেছেন।
আরও পড়ুন: গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি, শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত শিল্পাঞ্চল
ফেসবুকে স্মৃতিস্তম্ভ সম্পূর্ণ পুড়িয়ে দেওয়ার কথা বলা হলেও তা মিথ্যা বলে দাবি করেছে সূত্রটি। সূত্র আরও জানায়, দুর্বৃত্তরা গোপনে আগুন লাগানোর চেষ্টা করেছে, তবে স্মৃতিস্তম্ভটি অক্ষত আছে। স্তম্ভের দক্ষিণ পাশে কালো চিহ্ন রয়েছে, যা দেখে বোঝা যায় সেখানে আগুন দেওয়া হয়েছিল।





