ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন ২ ফেব্রুয়ারি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন আয়োজনের প্রস্তুতি এগিয়ে চলছে। আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ অনুষ্ঠেয় এ সমাবর্তনে সভাপতিত্ব করতে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য। রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর অনুষ্ঠান আয়োজনের পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো এক নির্দেশনাপত্রে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: শিক্ষার্থীদের চাকরির তথ্যের ডাটাবেজ তৈরির উদ্যোগ ইবি উপাচার্যের
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত-২০১০)-এর সংশ্লিষ্ট বিধান অনুসারে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করতে সম্মতি দিয়েছেন। একই সঙ্গে সমাবর্তন আয়োজনের বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির সম্মতির খবর প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পর সমাবর্তন আয়োজনের উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর সমাবর্তন সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষঙ্গিক কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা এ আয়োজনকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করছেন।
এ সংক্রান্ত চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সরকারের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





