এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও সেই তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: ইবিতে স্বতন্ত্র 'ধর্মতত্ত্ব' অনুষদের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ

গত ২৪ অক্টোবর শনিবার আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের তথ্য জানানো হয়।

এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেই অনুযায়ী ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার পাঠ্যবই

দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই।

এবার এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।