মাসে আড়াই হাজার টাকার সহায়তা, ‘ফ্যামিলি কার্ড’র বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৫২ পূর্বাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গৃহিণীদের জন্য নতুন সামাজিক সহায়তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে এই কার্ডের মাধ্যমে পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি পডকাস্টে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন তারেক রহমান।

আরও পড়ুন: বিএনপির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

পডকাস্টে একটি প্রতীকী কার্ড প্রদর্শন করে তিনি বলেন, ‘এই ছোট কার্ডটির নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এটি দেশের কোটি কোটি মা-বোনের হাতে তুলে দেওয়া হবে।’

তারেক রহমান জানান, ফ্যামিলি কার্ডে গৃহকর্ত্রীর নাম, একটি ইউনিক নম্বর, মেয়াদ এবং স্ক্যানযোগ্য চিহ্ন থাকবে। এটি একটি আধুনিক ও পরিবারভিত্তিক সামাজিক সহায়তা ব্যবস্থার অংশ হিসেবে কাজ করবে।

আরও পড়ুন: রাজধানীতে ঝটিকা মিছিল: সরকারি কর্মচারীসহ আটক ৫, মামলা সন্ত্রাসবিরোধী আইনে

তিনি বলেন, প্রাথমিকভাবে চার কোটি পরিবারকে ধাপে ধাপে এই কার্ডের আওতায় আনা হবে। একসঙ্গে সবাইকে দেওয়া সম্ভব না হলেও পর্যায়ক্রমে সব পরিবারের কাছে পৌঁছানোর লক্ষ্য থাকবে।

এই কার্ডের মাধ্যমে প্রতি পরিবার মাসে আড়াই হাজার টাকা সহায়তা পাবে, যা নগদ অর্থ হিসেবে বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার জন্য ব্যবহার করা যাবে।

ফ্যামিলি কার্ডের সুফল তুলে ধরে তারেক রহমান বলেন, এই সহায়তা পরিবারগুলোকে সঞ্চয়ের সুযোগ দেবে। সেই সঞ্চয় সন্তানদের খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় ব্যয় করা সম্ভব হবে। গ্রামীণ নারীরা প্রয়োজনে ক্ষুদ্র বিনিয়োগেও এই অর্থ ব্যবহার করতে পারবেন, যা বাড়তি আয়ের পথ তৈরি করবে।

কার্ড বিতরণ প্রসঙ্গে তিনি জানান, দেশে আনুমানিক চার কোটি পরিবার রয়েছে—এর মধ্যে প্রায় ৭০ শতাংশ গ্রামে এবং ৩০ শতাংশ শহরে বসবাস করে। কর্মসূচি বাস্তবায়ন শুরু হবে গ্রাম থেকে, পরে শহরের দরিদ্র, নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত এলাকাগুলোতে সম্প্রসারণ করা হবে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড গৃহকর্ত্রীর নামে ইস্যু করা হবে। কৃষক, শিক্ষক, ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ী এমনকি সরকারি কর্মচারীর স্ত্রীও এই কার্ড পাবেন। তবে যাদের এই সহায়তার প্রয়োজন নেই, তারা স্বেচ্ছায় কার্ড ফেরত দেবেন—এটাই বিএনপির প্রত্যাশা।

এ বিষয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, পডকাস্টের মাধ্যমে তারেক রহমান জনগণের সামনে নিজের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন।

তিনি বলেন, ‘মানুষ এখন অবাস্তব প্রতিশ্রুতি নয়, স্পষ্ট অঙ্গীকার ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব চায়। ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড, পরিবেশ সুরক্ষা, ক্রীড়া এবং যুব উন্নয়ন পরিকল্পনাও পডকাস্টে তুলে ধরা হবে।’