১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:২৫ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর এবং জুলাই যোদ্ধাদের প্রত্যাশা পূরণের নির্বাচন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া গোল চত্বরসংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: মারা গেছেন সাবেক এমপি সেলিমা আহমাদ

জামায়াত আমির বলেন, “এই নির্বাচন ২০১৮ বা ২০২৪ সালের মতো নয়। গত ৫৪ বছরে যে রাজনীতি বারবার ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, সেই পচা ও ঘুণে ধরা রাজনীতিকে বিদায় জানানোর নির্বাচন এটি। ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে। ১৩ ফেব্রুয়ারি থেকে দেশবাসী একটি নতুন বাংলাদেশ পাবে।”

তিনি আরও বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে রাষ্ট্রের সর্বস্তরে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। “সবকিছু ক্ষমা করা হলেও জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে,”—বলেন তিনি।

আরও পড়ুন: ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর শোক

নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে নারীদের জন্য মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে। ইনসাফের ভিত্তিতে ন্যায় প্রতিষ্ঠাই হবে তাদের মূল অঙ্গীকার।

নারী অধিকার প্রসঙ্গে তিনি বলেন, নারী নিপীড়নের বিরুদ্ধে কথা বলার কারণে তার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করা হয়েছে। “পেছনের লোকেরা পেছনেই পড়ে থাকবে। আমরা ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও মর্যাদার সঙ্গে সমাজে প্রতিষ্ঠিত করা হবে,”—বলেন তিনি।

জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা সভাপতি অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।