আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে: কর্নেল অলি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাম্প্রতিক এক বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিতর্ক নিয়ে আপত্তি নেই বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা ড. কর্নেল (অব.) অলি আহমেদ। তার দাবি, ওই বক্তব্যে তার সম্মানহানিকর কিছু বলা হয়নি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১১-দলীয় জোটের এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: খবর পাচ্ছি জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে
কর্নেল অলি আহমেদ বলেন, জামায়াতের আমির কোথাও তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেননি। তিনি বলেন, ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেছেন—চট্টগ্রাম থেকেই প্রথম বিদ্রোহ সংঘটিত হয়েছিল, যা ঐতিহাসিকভাবে সত্য।
গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে আয়োজিত এক সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এবং সেখান থেকেই প্রথম ‘We revolt’ বলে বিদ্রোহ শুরু হয়েছিল। তবে তিনি ওই বক্তব্যে কর্নেল অলি আহমেদের নাম উল্লেখ করেননি বলে জানান এলডিপি চেয়ারম্যান।
আরও পড়ুন: চরিত্রহননের অভিযোগে অভিযুক্তদের ক্ষমা করলেন জামায়াত আমির
একই দিন ওই সমাবেশের কয়েক ঘণ্টা আগে লোহাগাড়ায় ১১-দলীয় জোটের আরেক কর্মসূচিতে কর্নেল অলি আহমেদ দাবি করেন, তিনি চট্টগ্রাম থেকেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির কিছু নেতাকর্মীর পক্ষ থেকে দাবি ওঠে, জামায়াতের আমির নাকি তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেছেন।
তবে কর্নেল অলি আহমেদ বলেন, চট্টগ্রাম বন্দরের সমাবেশের ভিডিও যাচাই করে তিনি দেখেছেন, ডা. শফিকুর রহমান শুধু চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন, সেখানে তার নাম বলা হয়নি।
রাঙ্গুনিয়ায় দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, জামায়াতের আমির কারও সম্মানহানিকর মন্তব্য করেননি। এ বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় সমালোচনা না করারও আহ্বান জানান তিনি।





