ঢাকা-৮ আসনে পরাজিত নাসীরুদ্দীন পাটওয়ারী, জয়ী মির্জা আব্বাস

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৩৫ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৫০ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে এনসিপি প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পরাজিত হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বিজয়ী হয়েছেন।

ঘোষিত ফল অনুযায়ী, মির্জা আব্বাস পেয়েছেন ৫৭ হাজার ৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট। এতে ৫ হাজার ৬৯৬ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বিএনপির এই প্রার্থী।

আরও পড়ুন: শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং হিজড়া ভোটার ছিলেন ১ জন।

এর আগে ভোট গণনা চলাকালে অনিয়মের অভিযোগ তোলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ঢাকা-৮ আসনের মিলেনিয়াম ইউনিভার্সিটি ভোটকেন্দ্রে ভোট গণনায় বাধা দেওয়া হয়েছে এবং বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উপস্থিত থেকে গণনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন।

আরও পড়ুন: গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম

পরবর্তী আরেকটি পোস্টে তিনি দাবি করেন, ৩৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি থাকলেও সেগুলোর ফল আটকে রাখা হয়েছে। তবে এসব অভিযোগের মধ্যেই বেসরকারিভাবে ঘোষিত চূড়ান্ত ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করা হয়।