শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জামায়াত আমিরের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০০ অপরাহ্ন, ০৫ মে ২০২৬ | আপডেট: ১:০০ অপরাহ্ন, ০৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৫ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ওই দিনের ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি।

আরও পড়ুন: শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী

তিনি শাপলা চত্বর অভিযান ২০১৩-কে দেশের ইতিহাসে ‘বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে আখ্যায়িত করেন। তার ভাষায়, এ ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছিল এবং মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।

বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার হয়নি। ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।

আরও পড়ুন: গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম

গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত—এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ অধিকার দমনে শক্তি প্রয়োগ গ্রহণযোগ্য হতে পারে না।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিবৃতির শেষাংশে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির।