কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:২৭ পূর্বাহ্ন, ১৮ জুন ২০২৬ | আপডেট: ৮:২৭ পূর্বাহ্ন, ১৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রোমাঞ্চে ভরা এক ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ২-২ গোলে সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে আধিপত্য দেখিয়ে জয় নিশ্চিত করে টমাস টুখেলের শিষ্যরা। দলের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক হ্যারি কেইন।

ম্যাচের নবম মিনিটেই পেনাল্টি পায় ইংল্যান্ড। কর্নার থেকে আসা বলে মদ্রিচের চ্যালেঞ্জে মাদুয়েকে পড়ে গেলে স্পটকিকের নির্দেশ দেন রেফারি। প্রথম প্রচেষ্টায় গোল করতে ব্যর্থ হন কেইন। তার শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ।

আরও পড়ুন: পানামাকে হারিয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরু ঘানার

তবে ভিডিও পর্যালোচনায় দেখা যায়, পেনাল্টি নেওয়ার আগেই কয়েকজন খেলোয়াড় বক্সে প্রবেশ করেছিলেন এবং গোলরক্ষকও গোললাইন ছেড়ে এগিয়ে এসেছিলেন। ফলে পুনরায় পেনাল্টি নেওয়ার সুযোগ পান কেইন। দ্বিতীয়বার আর ভুল করেননি ইংল্যান্ড অধিনায়ক। শক্তিশালী শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।

৩৬ মিনিটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। মার্টিন বাতুরিনার দুর্দান্ত শট ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড স্পর্শ করলেও রুখতে পারেননি। ফলে ম্যাচে ফিরে আসে ক্রোয়েশিয়ানরা।

আরও পড়ুন: বিশ্বকাপে মেসির প্রথম হ্যাট্রটিক

তবে ৪২ মিনিটে আবারও ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেইন। ডেকলান রাইসের কর্নার থেকে নিখুঁত হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

প্রথমার্ধের শেষ দিকে আবারও সমতায় ফেরে ক্রোয়েশিয়া। পাসালিচের উঁচু বল থেকে পেরিসিচের হেডের পর পিটার মুসা ভলিতে বল জালে পাঠিয়ে ব্যবধান ২-২ করেন।

বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। ৪৭ মিনিটে জুড বেলিংহ্যামের গোলে আবারও লিড নেয় দলটি। পেনাল্টি বক্সে ঢুকে নিচু শটে লিভাকোভিচকে পরাস্ত করেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।

এরপরও একের পর এক আক্রমণ চালাতে থাকে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ৮৫ মিনিটে মার্কাস রাশফোর্ড গোল করলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। বুকায়ো সাকার দারুণ পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশিং করেন এই ফরোয়ার্ড।

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোনো গোল না হলে ৪-২ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।