আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনালের রেফারি ঘোষণা করল ফিফা!
চলতি বিশ্বকাপে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে ম্যাচ পরিচালনা। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলোতে রেফারিং নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এবার বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন মার্কিন রেফারি ইসমায়েল এলফাত। ফিফার ঘোষণায় জানা গেছে, আগামী বুধবার দিবাগত রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিফাইনালে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ৪৪ বছর বয়সী এলফাত।
তার সহকারী হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি, আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন দানিয়েলে বিনদোনি।
আরও পড়ুন: রাফিনিয়ার গোল, বার্সেলোনার টানা দ্বিতীয় জয়
ইসমায়েল এলফাত যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)-এর অন্যতম অভিজ্ঞ রেফারি। ২০১২ সাল থেকে তিনি এমএলএসে ম্যাচ পরিচালনা করছেন এবং দুইবার এমএলএস বর্ষসেরা রেফারি নির্বাচিত হয়েছেন। ২০১৬ সালে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হন।
২০২২ কাতার বিশ্বকাপে এলফাত প্রথমবারের মতো বিশ্বকাপে দায়িত্ব পালন করেন। ওই আসরের ফ্রান্স–আর্জেন্টিনা ফাইনালে তিনি চতুর্থ রেফারি ছিলেন। এবার বিশ্বকাপে তিনি প্রথমবারের মতো একটি সেমিফাইনালে প্রধান রেফারির দায়িত্ব পাচ্ছেন।
আরও পড়ুন: এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে হারাল রিয়াল
চলতি আসরে এলফাত ইতোমধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস–জাপান ও উরুগুয়ে–স্পেন ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। পরে শেষ ষোলোর ব্রাজিল–নরওয়ে ম্যাচেও প্রধান রেফারি ছিলেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাসকারী এলফাতের জন্ম মরক্কোয়। ২০০১ সালে ১৮ বছর বয়সে ডাইভারসিটি ভিসা লটারির মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বলে ইউএসএ টুডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উত্তর আমেরিকার অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত এলফাত এর আগে ২০২২ এমএলএস কাপ ফাইনাল এবং ২০২৬ কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনাল পরিচালনা করেছেন।
এবার তার সামনে বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহাসিক দ্বৈরথ আর্জেন্টিনা–ইংল্যান্ড। দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ফুটবলে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। সর্বশেষ ২০০৫ সালে একটি প্রীতি ম্যাচে তাদের দেখা হয়েছিল, যেখানে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ড। আর প্রতিযোগিতামূলক আসরে দুই দলের শেষ লড়াই হয়েছিল প্রায় ২৪ বছর আগে।





