মেসির জোড়া গোলে সান লুইসকে হারিয়ে ইন্টার মায়ামির দাপুটে জয়
লিওনেল মেসির জোড়া গোলে লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব অ্যাতলেতিকো সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
বুধবার রাতে নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বজ্রপাতের কারণে দ্বিতীয়ার্ধে প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ ছিল।
আরও পড়ুন: ৮৫ রানেই ইতিহাস, ফাইনালে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন গায়ানা
বিশ্বকাপের পর প্রথমবারের মতো গোলের দেখা পাওয়া মেসি ম্যাচের ১১ ও ৪৪ মিনিটে দুটি গোল করেন। এই দুই গোলের মাধ্যমে লিগস কাপে ১২ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৪। এতে তিনি লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গাকে ছাড়িয়ে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।
ইন্টার মায়ামির হয়ে আরও গোল করেন তেলাস্কো সেগোভিয়া ও ডিফেন্ডার মিকায়েল। দলের তিনটি গোলেই অ্যাসিস্ট করেন নোয়া অ্যালেন। এই জয়ে টানা আট ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে মায়ামি।
আরও পড়ুন: বিশ্বকাপের পর ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি
ম্যাচের চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের হেডে এগিয়ে যায় সান লুইস। তবে ১১ মিনিটে নোয়া অ্যালেনের ক্রস থেকে গোল করে সমতা ফেরান মেসি।
প্রথমার্ধের শেষদিকে কাছ থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। যোগ করা সময়ে মিকায়েলের হেডে করা গোলেও অ্যাসিস্ট করেন তিনি।
সান লুইসের হয়ে দ্বিতীয় গোলটি করেন রাফা লোরেন্তে।
বিশ্বকাপের পর এটি ছিল মেসির দ্বিতীয় ম্যাচ। এর আগে গত শনিবার কলম্বাস ক্রুর বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে বদলি হিসেবে নেমে ৩৭ মিনিট খেললেও গোল করতে পারেননি তিনি।
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেসির নেতৃত্বেই প্রথমবারের মতো লিগস কাপের শিরোপা জেতে ক্লাবটি। গত বছরও ফাইনালে উঠলেও সিয়াটলের কাছে ৩-০ গোলে হেরে রানার্সআপ হয় তারা।
সেই ফাইনালে ঘটে যাওয়া মারামারির ঘটনায় লুইস সুয়ারেজ ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পান। ফলে তিনি বুধবারের ম্যাচে খেলতে পারেননি এবং চলতি লিগস কাপেও অংশ নিতে পারবেন না। নিষেধাজ্ঞার আগে শেষ চার ম্যাচে সাতটি গোল করেছিলেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড।





