আন্তর্জাতিক ফুটবলে ফেরা হচ্ছে না শেশকোর
চোটের কারণে আসন্ন আন্তর্জাতিক বিরতিতে স্লোভেনিয়া জাতীয় দলের হয়ে খেলা হচ্ছে না বেঞ্জামিন শেশকোর। ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকারকে ছাড়াই চারটি ম্যাচ খেলতে হবে স্লোভেনিয়াকে। সোমবার শেশকোর দল থেকে ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
মৌসুমের শেষ ভাগ থেকে পায়ের চোটে ভুগছেন শেশকো। এবার সেই চোট আবারও ভোগাচ্ছে তাকে। স্লোভেনিয়া কোচ বোস্তিয়ান সেসার স্কটল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ এবং উত্তর মেসিডোনিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তাকে দলে ডেকেছিলেন। তবে চোটের কারণে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিচ্ছেন না ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
আরও পড়ুন: ৮ বছর পর ওয়ানডে দলে ৪০ বছরের ক্রেমার
ইউনাইটেড জানিয়েছে, চলতি সপ্তাহে শেশকোর আরও কিছু পরীক্ষা করা হবে। এরপর তার জন্য আলাদা পুনর্বাসন পরিকল্পনা নির্ধারণ করা হবে।
গত মে মাসে লিভারপুলের ইব্রাহিমা কোনাতের সঙ্গে সংঘর্ষে চোট পেয়েছিলেন শেশকো। ওই ঘটনার পর গত মৌসুমের বাকি অংশে আর খেলতে পারেননি তিনি। প্রাক-মৌসুমেও ছিলেন মাঠের বাইরে। চলতি মৌসুমের শুরুতে ধীরে ধীরে মাঠে ফিরলেও এখনো পুরোপুরি চোটমুক্ত হতে পারেননি।
আরও পড়ুন: ‘তামিম খেলোয়াড় ছিল, আমরা খেলোয়াড়দের সুবিধা-অবকাঠামোকে প্রাধান্য দিচ্ছি’
সাবাহর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে শুরুর একাদশে খেলার পর টানা চার ম্যাচে মাঠে নেমেছিলেন শেশকো। তবে ব্রাইটনের বিপক্ষে লিগ কাপের ম্যাচে ৬৫ মিনিট খেলার পর আবারও ব্যথা অনুভব করেন তিনি। এ কারণে ফুলহামের বিপক্ষে ইউনাইটেডের সর্বশেষ ম্যাচে দলে ছিলেন না এই স্ট্রাইকার।
ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিকও ফুলহামের বিপক্ষে ম্যাচের পর শেশকোর চোট নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন। আপাতত ক্লাবের ক্যারিংটন অনুশীলনকেন্দ্রে পুনর্বাসন চলবে তার। আগামী ১০ অক্টোবর টটেনহামের বিপক্ষে ইউনাইটেডের পরবর্তী ম্যাচের আগে ফিট হয়ে ওঠার লক্ষ্য থাকবে শেশকোর।





