ভোটের দিন রৌদ্রোজ্জ্বল নাতিশীতোষ্ণ থাকবে আবহাওয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন দেশজুড়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভোটের দিন ভোরে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সারাদেশে রোদ উঠবে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, “ভোটের দিন বৃহস্পতিবার দেশের বেশিরভাগ স্থানে রোদ ঝলমলে পরিবেশ বিরাজ করবে। ভোরে কিছু জায়গায় হালকা কুয়াশা থাকতে পারে, তবে বেলা ৯টার পর সব এলাকায় সূর্যের আলো দেখা যাবে।” তিনি আরও বলেন, দিনের তাপমাত্রা সামান্য কম হতে পারে।
আরও পড়ুন: ফের শীতের দাপট, চার জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
ফেব্রুয়ারি মাসের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এক বা দুই দিনের জন্য বজ্রবৃষ্টি বা শীলাসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও ভোটের দিন দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে।
মঙ্গলবার সকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: ঢাকা ও আশপাশের আবহাওয়া: আকাশ আংশিক মেঘলা ও তাপমাত্রা অপরিবর্তিত





