ঢাকাসহ ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বাড়ছে বজ্রপাতের শঙ্কা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:৩৫ পূর্বাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন: কালবৈশাখীর দাপট, ৫ দিনজুড়ে ঝড়-বৃষ্টি; সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। এতে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন: এক ঘণ্টায় ১২৬ মিমি বৃষ্টি—ফেনীতে ‘মেঘ বিস্ফোরণ’, পানিতে ডুবেছে শহর

পরবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যার পর ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। তবে রাজশাহী, ঢাকা ও রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকবে।

বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিপাত দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলেও বিস্তৃত হতে পারে। বিশেষ করে ১ মে শুক্রবার ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ সময় ঢাকা ও সিলেটসহ কয়েকটি বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে।

বজ্রপাতের ঝুঁকি বিবেচনায় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।